প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক যায়যায়দিন এবং মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি প্রয়াত শফিকুর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
শুরুতেই প্রয়াত শফিকুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় বক্তব্য দেন ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য সামিউল আহমেদ, মোহনা টেলিভিশনের আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ, সদস্য শাহজাহান সাজু, মো. মাসুদ মিয়া, কবি মো. ইদ্রিস মিয়া, জহিরুল ইসলাম রিপন ও শেখ সিরাজুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত শফিকুর রহমানের মেজো মেয়ে শাখাওয়ারা রহমান ইমিতা ও ভাতিজা ফাহাদ বিন আসাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, আব্দুর রহমান বুলবুল, সারোয়ার হাসান তুহিন, আব্দুল্লাহ আল নাঈম, মো. হান্নান মিয়া, মাইনউদ্দিন, আরিফুর রহমান জুয়েল ও তরুণ সংবাদকর্মী সুজন সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সদস্য সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আরজু বলেন, “শফিকুর রহমান শুধু একজন সাংবাদিক নন, তিনি সামাজিক ও পরোপকারী মানুষ ছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে তিনি সততার সঙ্গে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও মানবিক মানুষকে হারালাম।”
বক্তারা বলেন, “সাংবাদিক ইউনিয়নের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণে সাংবাদিক ইউনিয়ন একজন একনিষ্ঠ সহযোদ্ধাকে হারিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
মন্তব্য করুন: