প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:২৯
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার (১৫ অক্টোবর) সকালে হংকং থেকে ঢাকায় পৌঁছেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
তবে দলের বিদেশফেরত কয়েকজন খেলোয়াড় সরাসরি নিজ নিজ দেশে গেছেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, হংকং থেকে ইংল্যান্ডে গেছেন হামজা চৌধুরী, কানাডায় গেছেন শোমিত সোম, আর ইতালিতে গেছেন ফাহমিদুল ইসলাম।
মঙ্গলবার হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বাছাইপর্বের চতুর্থ ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। একই দিনে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সিঙ্গাপুর। ফলে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে।
গ্রুপের চার ম্যাচ শেষে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৮ করে, আর ভারত ও বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। আগামী নভেম্বর ও মার্চে ভারত ও বাংলাদেশের ম্যাচগুলো এখন কেবল নিয়মরক্ষার। বর্তমানে গ্রুপে ভারত তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ স্থানে আছে।
বাছাইপর্বে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারে কাবরেরার দল। সবশেষ হংকং চায়নার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে কার্যত বিদায়ের পথে চলে যায় লাল-সবুজরা।
তবুও ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শোমিত সোম, ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে নিয়ে শেষ মুহূর্তে আশাবাদী ছিল বাংলাদেশ দল। কিন্তু মঙ্গলবারের ম্যাচে জয় না পাওয়ায় সেই আশাটুকুও শেষ হয়ে গেছে।
মন্তব্য করুন: