প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৮
গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ মিতালী ক্লাব এলাকার হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ.জে গ্রুপ) নামের একটি পোশাক কারখানার জিএম ও প্রশাসনিক কর্মকর্তার বহিষ্কারের দাবীতে কর্মবিরতি পালন করছে ওই কারখানার শ্রমিকরা।
সোমবার ২৪ নভেম্বর-২০২৫)সকাল ১০ টা থেকে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছে তারা।। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানার জেনারেল ম্যানেজার তালেব আলী মানিক ও প্রশাসনিক কর্মকর্তা সুমনকে শ্রমিকদের দাবী অনুযায়ী বরখাস্ত করার কথা থাকলেও মালিক পক্ষ তা না করে কারখানায় প্রবেশের অনুমতি দেয়। প্রতিদিনের ন্যায় শ্রমিকরা সকাল ৮ টায় কাজে যোগদান করে।কিন্তু জি.এম তালেব আলী মানিককে দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা সকাল ১০টা থেকে কাজ বন্ধ দিয়ে ফ্লোরে ও কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান নেন। সৌরভ নামে এক সুয়িং অপারেটর বলেন, আমরা জেনারেল ম্যানেজার তালেব ও এডমিন অফিসার সুমনকে চাইনা। মালিক পক্ষ কথাও দিয়েছিল তাদের বের করে দিবে।
কিন্তু আজ দেখি জিএম স্যার আবার কারখানায় এসেছে।তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। আনোয়ার নামে এক সুয়িং অপারেটর বলেন, মালিক পক্ষ আসলেই সমাধান হবে। আমরা কারখানার কোনো ক্ষতি করছিনা। যার যার অবস্থান থেকে সবাই কাজ বন্ধ করে দিয়ে বসে আছি। হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, দুইজন স্টাফকে বের করে দেওয়া নিয়ে শ্রমিকরা সকাল দশটা থেকে কাজ বন্ধ করে বসে আছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
মন্তব্য করুন: