প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪
রাত জেগে কাজ করা বা দীর্ঘক্ষণ সিরিজ, সিনেমা দেখার ফলেই অনেকের চোখের চারপাশে ফোলা ভাব (পাফি আই) ও ডার্ক সার্কেলের সমস্যা দেখা দেয়। মেকআপ করেও অনেক সময় এই কালচে ছোপ ঢেকে রাখা যায় না। সমস্যা দূর করতে কেউ দামি প্রসাধনী, কেউ আবার রাসায়নিক ট্রিটমেন্টের আশ্রয় নেন। তবে চিকিৎসকদের মতে, এই সমাধানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাময়িক।
কারণ চোখের চারপাশের ত্বক, বিশেষ করে নিচের অংশ, অত্যন্ত সংবেদনশীল। তাই আন্দাজে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো।
ডার্ক সার্কেল হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। রাতজাগা ও মানসিক চাপের পাশাপাশি চোখের গঠন ও জিনগত কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তাই প্রথমেই সমস্যার মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন। চলুন, জেনে নিই ডার্ক সার্কেলের প্রধান কারণ।
জিনগত প্রভাব
অনেক ক্ষেত্রেই ডার্ক সার্কেল বংশগত। পরিবারের কারও এই সমস্যা থাকলে পর্যাপ্ত ঘুমের পরেও চোখের তলায় কালচে ছোপ দেখা দিতে পারে।
এ ক্ষেত্রে সাধারণ ক্রিম বা প্রসাধনী তেমন কার্যকর হয় না।
পিগমেন্টেশন
চোখের তলায় অতিরিক্ত মেলানিন জমলে কালচে ছোপ পড়ে। হরমোনের পরিবর্তন, প্রদাহজনিত সমস্যা কিংবা বারবার চোখ রগড়ানোর অভ্যাস থেকেও এই সমস্যা বাড়তে পারে।
ভাস্কুলার সমস্যা
পর্যাপ্ত বিশ্রামের অভাব, মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ বা ডিহাইড্রেশন হলে চোখের তলার রক্তনালিগুলি প্রসারিত হয়ে যায়। এর ফলে চোখের নিচে নীলচে বা কালচে ভাব দেখা দেয়।
ঘরোয়া উপায়ে কী করবেন
১। প্রদাহ কমাতে কোল্ড কম্প্রেস বেশ কার্যকর। তবে সরাসরি বরফ চোখে লাগাবেন না। পাতলা কাপড়ে জড়িয়ে ৫ মিনিটের মতো হালকা সেঁক দিন।
২। গ্রিন টি ব্যাগ বা ক্যাফেইনযুক্ত আই সিরাম চোখের তলায় ব্যবহার করলে ফোলা ভাব ও ডার্ক সার্কেল কমতে পারে।
৩। চোখের চারপাশের ত্বক আর্দ্র রাখতে অ্যালোভেরা জেল দিয়ে হালকা ম্যাসাজ করতে পারেন।
সঠিক যত্ন ও নিয়মিত অভ্যাসে ডার্ক সার্কলের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মন্তব্য করুন: