প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৭:০৯
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে হওয়া বৈঠককে ঘিরে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে।
ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে—নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের যে অনুরোধ করা হয়েছিল, তা তারা গ্রহণ করছে না। আইসিসি নাকি বিসিবিকে জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে আসতেই হবে, নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি, এ ধরনের কোনো আল্টিমেটাম আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি।
মঙ্গলবারের ওই বৈঠকের ফলাফল নিয়ে বিসিসিআই কিংবা বিসিবি—কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, রোববার বিসিবি চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করার পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।
মন্তব্য করুন: