প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৫:৫৪
চার বছর পর ওয়ানডে বিশ্বকাপে অ্যালিসা হিলির থাকার সম্ভাবনা এমনিতেই ছিল না। ধারণা করা হচ্ছিল, পাঁচ মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে তবেই অবসর নেবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক ক্রিকেট পডকাস্ট’-এ হিলি ঘোষণা দিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
পডকাস্টটির নিয়মিত মুখ ৩৫ বছর বয়সী হিলি। ক্রিকেটীয় নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা করেন তিনি। তবে সোমবার প্রকাশিত পর্বের শুরুটা হয় অন্যরকম। হিলির কাছে জানতে চাওয়া হয়, তিনি কিছু জানাতে চান কি না। খানিকটা হাসি হাসি চেহারায় তিনি বললেন, ‘এভাবে শুরু করবো, ভাবিনি। শেষ বলবো বলে ভেবেছিলাম। ভারতের বিপক্ষে সিরিজ শেষে আমি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’ আরেকটু চওড়া হেসে নিয়ে হিলি অনুরোধ জানালেন, ‘দয়া করে আমাকে কাঁদাবেন না।’ আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের জন্য দল গোছাতে অন্যদের সুযোগ করে দিতে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না হিলি। আগামী ২৪শে ফেব্রুয়ারি থেকে খেলবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপর পার্থে দিন-রাতের একমাত্র টেস্ট ম্যাচটিই হবে হিলির ক্যারিয়ারের শেষ ম্যাচ।
অবসরের কারণ জানতে চাওয়া হলে এ উইকেটকিপার-ব্যাটার জানান, মূলত চোট আর মানসিক ক্লান্তির জন্য অনেকদিন ধরেই এ বিষয়ে ভাবছিলেন তিনি। হিলি বলেন, ‘গত কয়েক বছর সম্ভবত মানসিকভাবে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ক্লান্তিকর ছিল। কিছু চোটও পেয়েছি। আমাকে বারবার নিজের ভেতরের সেই কূপে ডুব দিতে হয়, তবে সেই কূপে পানির পরিমাণ ক্রমেই কমে আসছে। সেখানে আবার ডুব দেয়াটাও দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।’
অস্ট্রেলিয়ার হয়ে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলার পথে দলকে ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দু’টি ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছেন হিলি। উইকেটের সামনে ও পেছনে গড়েছেন অনেক রেকর্ড। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও (১২৬) তার নামের পাশেই। অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী ক্রিকেটার হওয়ার সঙ্গে আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও হয়েছেন দু’বার। এত পথ মাড়িয়ে অবশেষে বয়সের কাছে হার মানছেন হিলি। তিনি বলেন, ‘আমার সবসময়ই মনে হয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে মাঠে লড়াই করতে চাই। সবসময় জিততে চাই, মাঠে নিজেকে চ্যালেঞ্জ করতে চাই। বয়সও কিছুটা বেশি হয়ে গেছে বলে অনুভব করছি। অবশ্যই সব তাড়না হারিয়ে ফেলিনি, তবে কিছু হারিয়ে ফেলেছি।’
এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আজ কথা বলছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এর মধ্যে ছিল এক আইন প্রণয়ন ও সম্প্রতি বন্ডাই সমুদ্র সৈকতে নিহত ব্যক্তিদের স্মরনে জাতীয় শোক দিবস ঘোষণা। এতোসবের মধ্যেও হিলিকে নিয়ে কথা বলতে ভুললেন না তিনি। আলবানিজ বলেন, ‘অ্যালিসা হিলি একজন কিংবদন্তি। অস্ট্রেলিয়ার হয়ে খেলে এবং নেতৃত্ব দিয়ে অসাধারণ ক্যারিয়ার গড়েছেন... তিনি শুধু একজন গ্রেট ক্রিকেটারই নন, আমি নিশ্চিত আরও উন্নতি করবেন।’
অস্ট্রেলিয়া পুরুষ দলের অন্যতম মহাতারকা মিচেল স্টার্ক যে হিলির জীবনসঙ্গী, সে বিষয়ে প্রায় সবাই-ই জানেন। হিলির আঙ্কেল ইয়ান হিলিও বিবেচিত হন ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে।
মন্তব্য করুন: