প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ অস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে।
নির্বাচনী তফসিল অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
তবে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ এবং বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও তাঁদের জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগ্নেয়াস্ত্র জমা ও বহনে নিষেধাজ্ঞাকে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ সহিংসতা ও আতঙ্ক কমাতে সহায়ক হবে এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করবে।
মন্তব্য করুন: