প্রকাশিত:
৩০ মার্চ ২০২৬, ১১:৫৪
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের অভ্যন্তরীণ বাজারে দাম না বাড়ানোকে সরকারের একটি বড় নীতিগত সফলতা হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমান বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষাই সরকারের অগ্রাধিকার।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়া হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশাল অংকের ভর্তুকি দিচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।"
তবে দেশে তেলের দাম কম থাকায় পার্শ্ববর্তী দেশে জ্বালানি পাচারের একটি আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া ভর্তুকির তেল কোনোভাবেই চোরাচালান হতে দেওয়া যাবে না। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে ১৩৩টি বিতর্কিত অধ্যাদেশ পর্যালোচনার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ কমিটি ইতোমধ্যে দুই দফা বৈঠকে বসেছে এবং আগামী ২ এপ্রিল চূড়ান্ত রিপোর্ট সংসদে পেশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সংসদ সদস্যদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সরকারের গত ৪০ দিনের চ্যালেঞ্জ ও অর্জনগুলো জাতির সামনে উপস্থাপনের ওপরও গুরুত্বারোপ করা হয় সভায়।
মন্তব্য করুন: