প্রকাশিত:
২ এপ্রিল ২০২৬, ১৫:১৭
সিলেটে টানা ১৪ ঘণ্টা পর অবশেষে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দুইটা থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেন এবং চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত আসে।
ধর্মঘট চলাকালীন সময়ে রাত থেকেই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। জ্বালানি সংকটের কারণে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ যানজট ও গাড়ির সারি দেখা যায়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।
প্রশাসনের পক্ষ থেকে নানা হয়রানির অভিযোগ তুলে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন পেট্রোল পাম্প মালিকরা। তবে বৈঠকের মাধ্যমে আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এদিকে, বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জেও ভোগান্তিতে পড়েন চালক ও গ্রাহকেরা। জ্বালানি তেল না পেয়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।
মন্তব্য করুন: