শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

রোনালদোর জোরালো দাবি

‘সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচের একটি’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৫:২৪

চুক্তি নবায়ন করেছেন, বক্তব্যও রেখেছেন দৃঢ়ভাবে। ক্রিস্টিয়ানো রোনালদো কেবল আল-নাসরের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করলেন না, সৌদি প্রো লিগকেও তুললেন বিশ্বসেরাদের কাতারে।

সম্প্রতি আল-নাসরের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা দাবি করেন, ‘আমরা এখনও উন্নতির পথে আছি, তবে আমার মতে সৌদি লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটির একটি।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমরা যা দেখিয়েছি, তাতে বোঝা যায় এই লিগ উন্নতির পথে রয়েছে। আমি খুশি, কারণ আমি জানি এই লিগ সত্যিই প্রতিযোগিতাপূর্ণ।’

রোনালদো সমালোচকদের প্রতি কড়া জবাবও দিয়েছেন, ‘যারা সৌদি লিগে খেলেননি, তাঁরাই এসব সমালোচনা করেন। ওরা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। যারা এখানে খেলেছে, তারা জানে আমি কী বলছি।’

তিনি জানান, শুধু নিজের চুক্তির মেয়াদ নয়, বরং পুরো প্রজেক্টের ওপরই তার আস্থা আছে, ‘আমি শুধু আগামী দুই বছর নয়, ২০৩৪ সাল পর্যন্ত এই প্রজেক্টে বিশ্বাস করি। তখন সৌদি আরবে যে বিশ্বকাপ হবে, তা হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর আসর।’

সবচেয়ে লাভজনক চুক্তি!

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' দাবি করেছে, রোনালদোর নবায়িত চুক্তিটি খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ আর্থিক মূল্যের চুক্তি। এতে তার বেতন এবং অতিরিক্ত সুবিধাগুলোর পরিমাণ নজিরবিহীন।

সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে রোনালদো পেতে যাচ্ছেন ৬৭৬ মিলিয়ন ডলার, যা ক্রীড়াজগতের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক চুক্তি।

চুক্তি অনুযায়ী রোনালদোর বার্ষিক নির্ধারিত বেতন ২৪৪ মিলিয়ন ডলার, অর্থাৎ দৈনিক হিসেবে তার আয় হবে ৬৭০,০০০ ডলার। সঙ্গে থাকছে ৩৩ মিলিয়ন ডলারের সাইনিং বোনাস, যা চুক্তির মেয়াদ পূর্ণ হলে বাড়বে আরও ২০ মিলিয়ন ডলার।

শুধু বেতন নয়, পারফরম্যান্স বোনাসেও চমক রয়েছে। প্রতিটি গোলে পাবেন ১.১০ লাখ ডলার, প্রতিটি অ্যাসিস্টে ৫৫ হাজার ডলার, যা দ্বিতীয় মৌসুমে আরও ২০ শতাংশ বাড়বে। ঘরোয়া লিগ ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতলে রোনালদো পাবেন যথাক্রমে ১১ ও ৯ মিলিয়ন ডলার। গোল্ডেন বুট জিতলেও থাকছে ৪ মিলিয়ন ডলারের বাড়তি পুরস্কার।

রোনালদোকে ক্লাবের ১৫ শতাংশ মালিকানাও দিচ্ছে আল-নাসর, যার বর্তমান মূল্য ৪৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

মাঠের বাইরে রোনালদোর জন্য থাকছে ১৬ জনের ব্যক্তিগত কর্মীদল—যেখানে থাকবেন নিরাপত্তারক্ষী, রাঁধুনি, ড্রাইভার, মালি প্রমুখ। এই দলের বার্ষিক খরচ প্রায় ২ মিলিয়ন ডলার। পাশাপাশি, রোনালদো ব্যবহার করবেন এক্সক্লুসিভ প্রাইভেট জেট, যার রক্ষণাবেক্ষণ ব্যয়ও বহন করবে ক্লাব; খরচ আনুমানিক ৫.৫ মিলিয়ন ডলার।

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যকে সামনে রেখে রোনালদোকে ঘিরে তৈরি করা হচ্ছে এই বৃহৎ প্রজেক্ট। রোনালদোও জানিয়ে দিয়েছেন, তিনি শুধু ক্লাবের জন্য নয়, সৌদি ফুটবলের ভবিষ্যতের অংশ হিসেবেই কাজ করতে চান।

আল-হিলালের উত্থান

এদিকে সৌদি আরবের আরেক শীর্ষ ক্লাব আল-হিলাল ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে যাত্রা শুরু করা দলটি এরপর ০-০ গোলে ড্র করেছে রেড বুল সালজবুর্গের সঙ্গে এবং গ্রুপের শেষ ম্যাচে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে।

গ্রুপে দ্বিতীয় হয়ে উঠে আসা আল-হিলাল আগামী সোমবার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির, যারা নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতে প্রথম হয়েছে এবং এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর